এশিয়া কাপকে ঘিরে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নতুন মাত্রায় পৌঁছেছে। মাঠের ভেতরের ক্রিকেটকে ছাপিয়ে এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হাত মেলানো বিতর্ক। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার সরাসরি আইসিসিকে হুঁশিয়ারি দিয়েছে— তাদের দাবি মানা না হলে দলকে এশিয়া কাপ থেকে প্রত্যাহার করে নেওয়ার কথাও ভাবছে তারা।
ঘটনার সূত্রপাত রোববার দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ শেষে। পাকিস্তানি ক্রিকেটাররা ভারতীয় দলের ড্রেসিং রুমের সামনে অপেক্ষা করছিলেন হাত মেলানোর জন্য। কিন্তু ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব ও শিভম দুবে সেই আমন্ত্রণ উপেক্ষা করে ভেতরে ঢুকে পড়েন এবং দরজা বন্ধ করে দেন। এই ঘটনাকেই কেন্দ্র করে পিসিবি ক্ষোভ প্রকাশ করে। তাদের অভিযোগ, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় নাকি দুই অধিনায়ক— সূর্যকুমার যাদব ও সালমান আঘাকে— হাত না মেলাতে নির্দেশ দিয়েছিলেন। এভাবে একপক্ষের প্রতি পক্ষপাত দেখানোর অভিযোগ তোলা হচ্ছে তার বিরুদ্ধে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ম্যাচ রেফারির এই আচরণ ‘স্পিরিট অব ক্রিকেট’ ও কোড অব কন্ডাক্টের লঙ্ঘন। তাই তাকে অবিলম্বে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। পাকিস্তানের হুঁশিয়ারি— যদি পাইক্রফটকে না সরানো হয় তবে তারা ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে না।
এদিকে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভারতীয় দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে খবর পাওয়া গেছে, যদিও তা এখনো আনুষ্ঠানিক হয়নি।
খেলাটি যদিও ক্রিকেটীয় দিক থেকে তেমন রোমাঞ্চ ছড়ায়নি— পাকিস্তান ১২৭ রানে অলআউট হয়, ভারত সহজেই জেতে ২৫ বল হাতে রেখে। কিন্তু ম্যাচ-পরবর্তী হাত না মেলানো এবং কূটনৈতিক টানাপোড়েনই এখন মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আগামী রোববার ভারত-পাকিস্তান আবারও সুপার ফোরে মুখোমুখি হতে পারে। প্রশ্ন হচ্ছে, তখন কি ক্রিকেট মাঠে ব্যাট-বলের লড়াই আলোচনার কেন্দ্রে থাকবে, নাকি নতুন কোনো বিতর্ক আবারও খেলাটিকে ছাপিয়ে যাবে?
Leave a Reply