বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা দুই ধাপে মোট ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। এর মধ্যে প্রথম ধাপের সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। তবে আগামী ১ জুলাই থেকে দ্বিতীয় ধাপে আরও সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া ভাতা কার্যকর হওয়ার কথা থাকলেও এ বিষয়ে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো স্পষ্ট নির্দেশনা বা বার্তা পাওয়া যায়নি। ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অর্থ ও ক্রয় শাখার পরিচালক প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারীর সঙ্গে কথা বলা হলে তিনি জানান, শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধির বিষয়টি তার জানা নেই। তিনি বলেন, “শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির বিষয়টি আমি জানি না। যখন এ সিদ্ধান্ত হয়েছিল, তখন আমি মাউশিতে কর্মরত ছিলাম না। আগামীকাল সোমবার বিষয়টি খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।”
উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়। ওইদিন জারি করা সম্মতিপত্রে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।
সম্মতিপত্র অনুযায়ী, প্রথম ধাপে ১ নভেম্বর ২০২৫ তারিখ থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা নির্ধারণ করা হয়, যেখানে সর্বনিম্ন ভাতার পরিমাণ ২ হাজার টাকা রাখা হয়েছে। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ১ জুলাই ২০২৬ তারিখ থেকে বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশের সঙ্গে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ করে মোট বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রেও সর্বনিম্ন ভাতার পরিমাণ ২ হাজার টাকা বহাল রাখার কথা বলা হয়েছে।
তবে জুলাই মাস থেকে দ্বিতীয় ধাপের বাড়িভাড়া বৃদ্ধি বাস্তবায়নের নির্ধারিত সময় ঘনিয়ে এলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নতুন প্রজ্ঞাপন, নির্দেশনা বা বাস্তবায়ন সংক্রান্ত তথ্য প্রকাশ না হওয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সরকার পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুলাই থেকেই বাড়িভাড়ার দ্বিতীয় ধাপের সুবিধা কার্যকর করবে।
Leave a Reply