অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্ত করার দাবিতে আন্দোলন আরও জোরদার করেছেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি এবার ঈদের দিন প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা এবং ঈদ বর্জনের কর্মসূচিও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক নেতারা।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গত কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। সোমবার (২৫ মে) টানা পঞ্চম দিনের মতো তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল। এদিন আন্দোলনরত শিক্ষকরা নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে জানান, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সরকার এখনো তাদের এমপিওভুক্তির বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত নেয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই।
আন্দোলনকারী শিক্ষকরা বলেন, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে দ্রুত এমপিওভুক্ত করতে হবে এবং দীর্ঘদিনের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে। এসব দাবি বাস্তবায়নের জন্য তারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা কঠোর কর্মসূচির পথে হাঁটতে বাধ্য হয়েছেন।
এর আগে রোববার দুপুরে শিক্ষকরা সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সন্ধ্যায় শিক্ষক নেতারা বৈঠক করে নতুন কর্মসূচি ঘোষণা করেন। আন্দোলনকারীদের সংগঠনের সদস্য সচিব আব্দুল হান্নান হোসেন জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার ইবতেদায়ি মাদরাসাগুলোকে এমপিওভুক্ত করার যে আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাস বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা ঘোষণা দিয়েছি, এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ থাকবে। একই সঙ্গে আমরা ঈদ বর্জন করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। ঈদের দিন এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে পদযাত্রা করা হবে।’
এদিকে কোরবানির ঈদ এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটি শুরু হয়েছে। রোববার থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তবে এর মধ্যেই আন্দোলনরত শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের মাদরাসাগুলো বন্ধ থাকবে এবং তারা আন্দোলন চালিয়ে যাবেন।
ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে পরিচালিত আলিয়া মাদরাসা শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো প্রাথমিক স্তরের সমমানের শিক্ষা প্রদান করে থাকে। ১৯৮৪ সালে এই ধারার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যাত্রা শুরু হয়। দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা স্বল্প অনুদানে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ রয়েছে।
মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে এক হাজার ৫১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা মাসে পাঁচ হাজার টাকা এবং সহকারী শিক্ষকরা তিন হাজার টাকা করে অনুদান পান। শিক্ষকরা বলছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে এই সামান্য অর্থ দিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন। তাই দ্রুত এমপিওভুক্তির মাধ্যমে নিয়মিত বেতন-ভাতার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
Leave a Reply