২০২৬-২৭ অর্থবছর থেকে নবম পে-স্কেল বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। এজন্য আসন্ন জাতীয় বাজেটে অন্তত ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন এই বেতন কাঠামোকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে তারা নতুন পে-স্কেলে কী ধরনের সুবিধা পাবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা থাকলেও এবার মিলছে বড় সুখবর। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নবম পে-স্কেলের আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাও উল্লেখযোগ্য হারে বাড়তে যাচ্ছে।
সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া ১১তম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে শতভাগ পর্যন্ত বেতন বৃদ্ধির বিষয়টিও আলোচনায় রয়েছে। একইভাবে দেশের প্রায় পৌনে ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্যও বড় ধরনের আর্থিক সুবিধার সম্ভাবনা তৈরি হয়েছে।
শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামোর আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত রয়েছে। পে কমিশনের সুপারিশ অনুযায়ী, বিভিন্ন গ্রেডের শিক্ষক-কর্মচারীদের বেতনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
| পদবি ও গ্রেড | বর্তমান মূল বেতন | ৫০% বৃদ্ধি পেলে | ১০০% বৃদ্ধি পেলে |
|---|---|---|---|
| চতুর্থ গ্রেডের অধ্যক্ষ | ৫০,০০০ টাকা | ৭৫,০০০ টাকা | ১,০০,০০০ টাকা |
| ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপক | ৩৫,৫০০ টাকা | ৫৩,২৫০ টাকা | ৭১,০০০ টাকা |
| সপ্তম গ্রেডের উপাধ্যক্ষ/প্রধান শিক্ষক | ২৯,০০০ টাকা | ৪৩,৫০০ টাকা | ৫৮,০০০ টাকা |
| অষ্টম গ্রেডের শিক্ষক/কর্মকর্তা | ২৩,০০০ টাকা | ৩৪,৫০০ টাকা | ৪৭,২০০ টাকা |
| নবম গ্রেডের প্রভাষক | ২২,০০০ টাকা | ৩৩,০০০ টাকা | ৪৪,০০০ টাকা |
| দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষক | ১৬,০০০ টাকা | ২৪,০০০ টাকা | ৩২,০০০ টাকা |
| ১১তম গ্রেডের বিএডবিহীন সহকারী শিক্ষক | ১২,৫০০ টাকা | ১৮,৭৫০ টাকা | ২৫,০০০ টাকা |
| ১৬তম গ্রেডের অফিস সহকারী/হিসাব সহকারী/কম্পিউটার অপারেটর | ৯,৩০০ টাকা | ১৩,৯৫০ টাকা | ১৮,৬০০ টাকা |
| ১৮তম গ্রেডের ল্যাব সহকারী | ৮,৮০০ টাকা | ১৩,২০০ টাকা | ১৭,৬০০ টাকা |
| ২০তম গ্রেডের অফিস সহায়ক/নৈশপ্রহরী/আয়া | ৮,২৫০ টাকা | ১২,৩৭৫ টাকা | ১৬,৫০০ টাকা |
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অষ্টম গ্রেডের বর্তমান ২৩ হাজার টাকা মূল বেতন নতুন পে-স্কেলে সর্বোচ্চ ৪৭ হাজার ২০০ টাকা পর্যন্ত নির্ধারণের আলোচনা রয়েছে। তবে চলতি অর্থবছরে যদি অন্যান্য গ্রেডের মতো প্রাথমিকভাবে ৫০ শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর করা হয়, তাহলে অষ্টম গ্রেডের মূল বেতন দাঁড়াতে পারে ৩৪ হাজার ৫০০ টাকা। পরবর্তীতে ধাপে ধাপে পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে এটি ৪৭ হাজার ২০০ টাকায় উন্নীত হতে পারে।
সূত্র জানিয়েছে, পুরো নতুন বেতন কাঠামো একসঙ্গে কার্যকর করা হবে না। এটি তিনটি অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। আগামী জুলাই মাস থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন বেসিক বেতনের অর্ধেক অংশ পেতে শুরু করতে পারেন। পরবর্তী অর্থবছরে বাকি অংশ কার্যকর করা হবে। এরপর ২০২৮-২০২৯ অর্থবছরে নতুন পে-স্কেলের আওতায় বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
এদিকে এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে কী ধরনের সুযোগ-সুবিধা পাবেন, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে তারা যে নতুন জাতীয় বেতন কাঠামোর আওতায় আসবেন, সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেছেন, বিদ্যমান সরকারি বেতন কাঠামোর অধীনে থাকায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অবশ্যই নবম জাতীয় পে-স্কেলের অন্তর্ভুক্ত হবেন।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৬ হাজার ৯৩টি। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৮৯৮ জন। ফলে নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে বিশাল এই জনগোষ্ঠীর আর্থিক অবস্থার উন্নতি ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামী ৭ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতির আহ্বানে জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন অনুষ্ঠিত হবে। এরপর ১১ জুন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন। ওই দিনই নবম পে-স্কেলে বরাদ্দ এবং বেতন বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত তথ্য জানা যেতে পারে।
Leave a Reply