বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর লক্ষ্যে ডিও লেটার দিয়েছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। কিন্তু সেই উদ্যোগ কার্যকর হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়েনি।
এদিকে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানো হবে কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। যদিও এ বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
আসন্ন বাজেটে উৎসব ভাতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে কথা বলেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানো হবে।’
তিনি আরও বলেন, ‘আমার ধারণা, আসন্ন বাজেটে শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে উৎসব ভাতা বাড়তে পারে বলে আমি মনে করি।’
শিক্ষকদের বদলি কার্যক্রম প্রসঙ্গে মাউশি ডিজি জানান, ‘শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার এ বিষয়ে আন্তরিক। এ জন্য একটি সফটওয়্যারও প্রস্তুত করা হয়েছে। আগামী ঈদুল আজহার পর তথ্য সংগ্রহ শুরু হবে।’
শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুন মাসের মধ্যেই শিক্ষকদের ডাটাবেজ তৈরির কাজ শেষ হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ও সরকারের নির্দেশনা অনুযায়ী বদলির আবেদন কার্যক্রম শুরু করা হবে।’
Leave a Reply