চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ব্যয় নির্বাহের জন্য ৪৯ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা ছাড় করেছে সরকার। এ অর্থ সংশ্লিষ্ট উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে এবং বিধি অনুযায়ী ব্যয়ের ক্ষমতাও প্রদান করা হয়েছে। একই সঙ্গে অব্যয়িত অর্থ আগামী ৩১ মে’র মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (২৩ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার ব্যয় মেটাতে সংযুক্ত বিভাজন অনুযায়ী দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০-এর অধীনে ৪৯ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা সংশ্লিষ্ট উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের অনুকূলে বরাদ্দ ও মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে বরাদ্দকৃত অর্থ বিধি অনুযায়ী ব্যয়ের ক্ষমতাও দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, এই ব্যয় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয় খাতের বরাদ্দ থেকে নির্বাহ করতে হবে। বরাদ্দকৃত অর্থ সরকারি বিধি অনুসরণ করে ব্যয় করতে হবে। এছাড়া বিধি বহির্ভূতভাবে সমতাকরণসহ যেকোনো ধরনের বকেয়া ব্যয়—যেমন বিদ্যুৎ, ভূমিকর, পৌরকর ও পানি বিল ছাড়া অন্য কোনো অনিয়মিত ব্যয়—করা হলে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
Leave a Reply