শিক্ষাখাতে চলতি অর্থবছরের তুলনায় ৫২ দশমিক ৯২ শতাংশ বেশি বরাদ্দ আসছে বলে জানিয়েছেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, শিক্ষাখাতে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ২০ হাজার ৮৩৫ দশমিক ৪৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার একাধিক বড় উদ্যোগ হাতে নিয়েছে।
তথ্যমন্ত্রী জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে সারাদেশ থেকে মোট ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব পদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। এতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে থাকা অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষক নিয়োগের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় পরিচালিত ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় ছয় হাজার ৯২৮টি মাধ্যমিক বিদ্যালয় এবং তিন হাজার ৪১২টি মাদরাসাসহ মোট ১০ হাজার ৩৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার ৬৮০টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তি সুবিধা নিশ্চিত করতে দেশের ১৫টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে। পাশাপাশি ১১টি বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল লাইব্রেরি কার্যক্রমও চালু রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের গবেষণা ও শিক্ষা উপকরণ ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
ভর্তি ব্যবস্থায়ও পরিবর্তনের কথা জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, কোনো শিক্ষার্থী একটি শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী শ্রেণিতে ভর্তির জন্য নতুন করে ভর্তি ফি দিতে হবে না। এছাড়া লটারিভিত্তিক ভর্তি পদ্ধতির পরিবর্তে আধুনিক ভর্তি পরীক্ষা কিংবা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে সব স্তরের শিক্ষাবৃত্তির অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় অর্থনৈতিক সহায়তায় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নয় হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং বিভিন্ন পর্যায়ের শূন্যপদে শিক্ষক নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।
সরকারি চাকরিতে নিয়োগ প্রসঙ্গেও ব্রিফিংয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। তথ্যমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে পাঁচ লাখ শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।
Leave a Reply