বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ হাজারেরও বেশি শূন্য পদে প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার এবং সহকারী সুপার নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রস্তুতের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আজ বুধবারই এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে নিজ কার্যালয়ে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। তিনি জানান, আজ রাত ৮টার পর থেকে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে তাদের ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি আগামীকাল একটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, এর আগে গত শনিবার রাজধানীর নয়টি কেন্দ্রে চারটি শিফটে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার এবং সহকারী সুপারসহ বিভিন্ন পদে নিয়োগের উদ্দেশ্যে আয়োজিত এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫৩ হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছিলেন।
Leave a Reply