ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শাপলা কলি প্রতীকের হয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এসে নিজের অবস্থান পরিবর্তনের ঘোষণা দিয়েছেন তিনি। এ সিদ্ধান্তের পর নির্বাচনী কার্যক্রমের জন্য প্রাপ্ত অনুদান বা ডোনেশন প্রয়োজনে ফেরত দেওয়ার কথাও জানিয়েছেন জারা।
শনিবার (২৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, খিলগাঁও, সবুজবাগ ও মুগদায় জন্ম ও বেড়ে ওঠা একজন স্থানীয় মানুষ হিসেবে তার স্বপ্ন ছিল কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার ও দেশের মানুষের সেবা করা। তবে বাস্তবতার প্রেক্ষাপটে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বরং এবার তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
জারা বলেন, দলের প্রার্থী হলে সংগঠিত কর্মী বাহিনী, স্থানীয় অফিস, এমনকি নিরাপত্তা বা প্রশাসনিক বিষয়ে কথা বলার সুযোগ থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসব সুবিধা তিনি পাবেন না। তবুও জনগণের প্রতি তার আস্থা রয়েছে—“আমার একমাত্র ভরসা আপনারা,” উল্লেখ করে তিনি জানান, সততা ও নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতি তার অঙ্গীকারের ওপর ভরসা রেখে যদি মানুষ তাকে সমর্থন দেয়, তবে তিনি সেবা করার সুযোগ পাবেন।
ফেসবুক পোস্টে তিনি দুইটি বিশেষ বিষয় তুলে ধরেন। প্রথমত—আইনি বাধ্যবাধকতা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে ঢাকা-৯ আসনের ৪,৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। মাত্র এক দিনে এ স্বাক্ষর সংগ্রহ কঠিন বলে উল্লেখ করে তিনি স্বেচ্ছাসেবী সহায়তা চেয়েছেন। এ জন্য প্রয়োজনীয় লোকেশন ও তথ্য সংশ্লিষ্ট গ্রুপের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
দ্বিতীয় বিষয় হিসেবে তিনি বলেন, নির্বাচনী তহবিল গঠনের সময় অনেকেই অর্থ সহায়তা দিয়েছেন। এখন অবস্থান পরিবর্তনের কারণে যারা চাইলে তাদের ডোনেশন ফেরত দেওয়া হবে। বিকাশের মাধ্যমে যারা অর্থ পাঠিয়েছেন তারা প্রদত্ত অনলাইন ফর্ম পূরণ করলে যাচাই শেষে অর্থ ফেরত পাবেন। আর যারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছেন, তাদের জন্য ফেরত প্রক্রিয়া শিগগির জানানো হবে।
তাসনিম জারা বলেন, পরিস্থিতি যেমনই হোক, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার লড়াই তিনি চালিয়ে যাবেন এবং জনগণের প্রতি দেয়া অঙ্গীকার রক্ষা করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
Leave a Reply