বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর ২০২৫ মাসের বেতন বিল অনলাইনে দাখিলের অপশন চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় তথ্যসহ বিল সাবমিট করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সময়মতো বিল দাখিল না হলে বেতন প্রাপ্তিতে জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার-৫ (এমপিও) মো. জহির উদ্দিন। তিনি জানান, স্কুল ও কলেজ পর্যায়ের ডিসেম্বর-২৫ মাসের এমপিও ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) বিল সাবমিট করার অপশন এখন সক্রিয় রয়েছে। নির্বিঘ্নে বেতন-ভাতা পেতে হলে প্রতিষ্ঠান প্রধানদের যথাসময়ে অনলাইনে বিল দাখিল নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি মাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব অনলাইনে পাঠান সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। বিল দাখিলের পর তা ধাপে ধাপে যাচাই-বাছাই করা হয় এবং পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বেতন-ভাতা ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের নির্ধারিত ব্যাংক হিসাবে বেতন ও ভাতা ইএফটির মাধ্যমে পাঠানো হয়।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত, স্বচ্ছ ও দ্রুত প্রদানের লক্ষ্যে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে। এ ব্যবস্থার ফলে দীর্ঘসূত্রতা কমেছে, স্বচ্ছতা বেড়েছে এবং বেতন প্রক্রিয়াকরণ আগের তুলনায় অনেক বেশি কার্যকর হয়েছে।
Leave a Reply