নতুন পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামীকাল রবিবার (১৪ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সরকারি কর্মচারী নেতারা। এর আগে সরকারি চাকরিজীবীরা ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশের আল্টিমেটাম দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে পরবর্তী করণীয় নির্ধারণে একাধিক বৈঠকও করেছেন তারা।
এদিকে ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে কী ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে, সে বিষয়ে আলোচনা করতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা ধারাবাহিক সভা করেছেন। এসব সভা থেকে কয়েকটি প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও, অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নেতারা। সাক্ষাতে সন্তোষজনক সুরাহা না হলে ১৫ ডিসেম্বর নিজেদের মধ্যে জরুরি বৈঠক করে আন্দোলনের পরবর্তী ধাপ ঠিক করবেন তারা।
এ বিষয়ে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবীর বলেন, দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা ইতোমধ্যে বৈঠক করেছেন। প্রথম ধাপে রোববার অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করে নতুন পে স্কেল দেওয়ার যৌক্তিকতা ও কর্মচারীদের ন্যায্য দাবি তুলে ধরা হবে। অর্থ উপদেষ্টার প্রতিক্রিয়া ও অবস্থানের ওপর ভিত্তি করে ১৫ ডিসেম্বর সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে চলতি বছরের জুলাই মাসে অন্তর্বর্তী সরকার একটি পে কমিশন গঠন করে। কমিশনের কার্যপরিধি অনুযায়ী ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে। তবে সরকারি কর্মচারীদের দাবি, কমিশনের সুপারিশের অপেক্ষা না করে ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে।
Leave a Reply