অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন এসেছে। উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাঁদের পদ থেকে পদত্যাগ করেছেন। আজ বুধবার সন্ধ্যায় তাঁরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনার পরপরই প্রধান উপদেষ্টার প্রেস উইং জরুরি সংবাদ সম্মেলন ডাকেন। জানা গেছে, আজ ১০ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় এই পদত্যাগ প্রসঙ্গে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হবে।
সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, এর আগে গতকাল ৯ ডিসেম্বর যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন সরকারের জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা। নিয়মিত মঙ্গলবারের মধ্যাহ্নভোজ ও বৈঠকের ধারাবাহিকতায় অনুষ্ঠিত ওই আলোচনা বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি গুরুত্ব পায়। বৈঠকের পর সন্ধ্যায় সরকারের উচ্চপর্যায়ে নিশ্চিত হওয়া যায় যে উপদেষ্টা আসিফ মাহমুদ ১০ ডিসেম্বর পদত্যাগ করবেন। পরে আজ সন্ধ্যায় তাঁর সঙ্গে মাহফুজ আলমও পদত্যাগ করেন।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী নেতাদের প্রতিনিধি হিসেবেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। তাঁদের মধ্যে মাহফুজ আলম দায়িত্ব পালন করছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে, আর আসিফ মাহমুদ দায়িত্বে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে।
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট ২৩ জন উপদেষ্টা দায়িত্ব পালন করছিলেন। তাঁদের মধ্য থেকে ছাত্র প্রতিনিধি সদস্য দুইজনের পদত্যাগকে অনেকেই সরকারের অভ্যন্তরীণ পরিবর্তন ও নীতিগত পুনর্বিন্যাসের ইঙ্গিত হিসেবে দেখছেন।
Leave a Reply