সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রবেশ পদ সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্তকরণসহ চার দফা দাবির ভিত্তিতে আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করছেন দেশের সরকারি মাধ্যমিক শিক্ষকরা। কর্মবিরতির অংশ হিসেবে তারা ২৪ নভেম্বর থেকে চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের এই কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।
সমিতির এক শীর্ষ নেতা গতকাল (রবিবার) গণমাধ্যমকে জানান, সরকার যদি দ্রুততম সময়ে তাদের ন্যায্য চার দফা দাবি বাস্তবায়ন করে, তাহলে আসন্ন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনগুলোতে স্থগিত পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যেই বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে দাবিগুলো অনিশ্চিত থাকলে বা সরকার ইতিবাচক সিদ্ধান্ত না দিলে, কর্মবিরতি অনির্দিষ্টকাল চলবে বলেও তিনি স্পষ্ট করে জানান।
মাধ্যমিক শিক্ষকদের চারটি দাবি হলো—
১) সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ গঠনের গেজেট দ্রুত প্রকাশ করা।
২) বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের জন্য শূন্য পদে প্রয়োজনীয় নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।
৩) সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের ভিত্তিতে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দ্রুত জারি করা।
৪) ২০১৫ সালের পূর্বের ন্যায় সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা পুনরায় চালু করে গেজেট প্রকাশ করা।
এ বিষয়ে গতকাল (রবিবার) সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিনের পেশাগত মর্যাদা, বেতন-ভাতা উন্নয়ন এবং পদোন্নতি সংক্রান্ত চার দফা দাবিতে তারা ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছেন। কিন্তু পর্যাপ্ত অগ্রগতি না হওয়ায় এবং দাবি পূরণের কোনো আশ্বাস না পাওয়ায়, সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আজ (সোমবার) থেকে লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হচ্ছে।
Leave a Reply