৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেও ইএমআইএস সার্ভারের প্রযুক্তিগত জটিলতার কারণে এমপিওভুক্ত হতে না পারা শিক্ষকদের জন্য অবশেষে সুখবর মিলেছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এসব অনিস্পন্ন এমপিও আবেদন এখন বিধি অনুযায়ী অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে, এবং তা ডিসেম্বর মাসের এমপিও তালিকায় যুক্ত করা হবে বলে নিশ্চিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার (২৬ নভেম্বর) মাউশির উপপরিচালক মো. শাহজাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেসরকারি স্কুল ও কলেজগুলোতে শূন্যপদে নিয়োগের জন্য এনটিআরসিএ’র ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা যোগদান করে নিয়মিত দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে তাদের এমপিওভুক্তির আবেদন পাঠালেও ইএমআইএস সার্ভারের বিভিন্ন জটিলতার কারণে সেসব আবেদন নভেম্বর মাসের এমপিও তালিকায় যুক্ত হতে পারেনি।
এ অবস্থায়, কোনো শিক্ষক যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য অনিষ্পন্ন সব আবেদনকে জরুরি ভিত্তিতে যাচাই করে অনুমোদন দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব আবেদন ডিসেম্বর মাসের এমপিওতে অন্তর্ভুক্ত করা হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
এছাড়াও, মাউশি নির্দেশ দিয়েছে যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত সব শিক্ষকের অনিস্পন্ন এমপিও আবেদন আগামী ৭ ডিসেম্বরের মধ্যে যথাযথভাবে অনুমোদন করে অধিদপ্তরে পাঠাতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্যও এতে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply