1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Title :
যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বাহিরে যেতে পারবেন না শিক্ষক

যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৭ Time View
মন্তীপরিষদ বিভাগ

যেকোনো সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ও সম্প্রসারণের ঘোষণা আসতে পারে বলে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্রে আভাস পাওয়া গেছে। ক্ষমতায় আসার প্রায় ছয় মাস পূর্ণ হতে চলেছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের। এই সময়কে সামনে রেখে প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আনা, নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং সরকারের সামগ্রিক কর্মদক্ষতা মূল্যায়নের অংশ হিসেবেই মন্ত্রিসভায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর টেবিলে ইতোমধ্যে সম্ভাব্য আট থেকে দশজন নতুন মুখের তালিকা, বিভিন্ন মন্ত্রীর কর্মসম্পাদন মূল্যায়ন, প্রশাসনিক আমলনামা এবং ভেরিফিকেশন রিপোর্ট জমা রয়েছে। এসব তথ্য-উপাত্ত পর্যালোচনার পর যে কোনো সময় মন্ত্রিসভার রদবদল কিংবা সম্প্রসারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

আগামী ১৭ আগস্ট তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের ছয় মাস পূর্ণ হবে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি ৪৯ সদস্যের একটি মন্ত্রিসভা নিয়ে সরকার পরিচালনা শুরু করেন। সরকার গঠনের সময়ই তিনি মন্ত্রীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, প্রথম ছয় মাস সবাইকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে। যেসব মন্ত্রী দায়িত্ব পালনে দক্ষতা, সমন্বয় এবং কার্যকর নেতৃত্বের পরিচয় দেবেন, তারা দায়িত্বে বহাল থাকবেন। অন্যদিকে যাদের কাজে ধীরগতি, সমন্বয়হীনতা কিংবা দুর্নীতি বা প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগ উঠবে, তাদের ক্ষেত্রে দপ্তর পরিবর্তন কিংবা দায়িত্ব পুনর্বিন্যাস করা হতে পারে। তিনি তখনই স্পষ্ট করে দিয়েছিলেন, মন্ত্রিত্ব কারও জন্য স্থায়ী নয়; কর্মদক্ষতার ভিত্তিতেই ভবিষ্যৎ নির্ধারিত হবে।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনা, নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন নিশ্চিত করা এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যেই মন্ত্রিসভায় পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এ ক্ষেত্রে নতুন কয়েকজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি বিদ্যমান কয়েকজন মন্ত্রীর দায়িত্বও পুনর্বণ্টন করা হতে পারে। বিশেষ করে যেসব মন্ত্রীর কাঁধে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, তাদের চাপ কমানোর লক্ষ্যেই মন্ত্রিসভার পরিধি বাড়ানোর চিন্তাভাবনা চলছে।

বর্তমানে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো—কারা নতুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন, কারা নতুন দায়িত্ব পাচ্ছেন এবং কারা দপ্তর পরিবর্তনের মুখে পড়ছেন।

সরকারের প্রভাবশালী কয়েকজন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রথম ধাপেই কাউকে মন্ত্রিসভা থেকে পুরোপুরি বাদ দেওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। তবে দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পরিবর্তনের সম্ভাবনা প্রবল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত এবং কিছু মন্ত্রীর প্রকাশ্য বক্তব্যে সরকার অস্বস্তিতে পড়েছে বলে দলীয় মহলে আলোচনা রয়েছে।

এর মধ্যে দুর্যোগ পরিস্থিতির মধ্যেও পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ কারণে তাকে অন্য কোনো মন্ত্রণালয়ে স্থানান্তরের আলোচনা জোরালো হয়েছে বলে জানা গেছে। একইভাবে স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন বকুলের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়েও সরকারের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে। ফলে তাকেও অন্য দায়িত্বে পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

অন্যদিকে ইতিবাচক কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলেও সরকারি সূত্রে আলোচনা রয়েছে।

সূত্রগুলো আরও জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং অভিজ্ঞ নেতৃত্বকে মূল্যায়নের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে বর্তমান মন্ত্রিসভায় বৃহত্তর নোয়াখালী অঞ্চলের কোনো প্রতিনিধি না থাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিএনপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নতুন মুখ অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এক্ষেত্রে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং নোয়াখালী-৪ (সদর–সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তিনি ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ জাতীয় সংসদ, একই বছরের জুনে সপ্তম জাতীয় সংসদ, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ এবং ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং নোয়াখালী অঞ্চলে সংগঠক হিসেবে তার গ্রহণযোগ্যতাকে ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।

এছাড়া বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান, বরকতুল্লাহ ভুলু, পাবনার শামসুর রহমান শিমুল বিশ্বাস, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. মোহাম্মদ আবুল কালাম, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, নরসিংদীর খায়রুল কবির খোকন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের সদস্য মাহমুদা হাবিবা ও রেহানা আক্তার রানুর নামও সম্ভাব্য তালিকায় রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে টেকনোক্র্যাট কোটায় বিএনপির বাইরে যুগপৎ আন্দোলনের শরিক বা মিত্র রাজনৈতিক দলগুলোর মধ্য থেকেও একজন বা একাধিক ব্যক্তিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। সরকার এ ক্ষেত্রে রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং জাতীয় ঐক্যের বার্তা দিতে চাইছে বলেও সংশ্লিষ্টদের ধারণা।

প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকার এখন প্রথম ১০০ দিনের মূল্যায়ন অতিক্রম করে বাস্তবায়ন ও দৃশ্যমান ফলাফল অর্জনের পর্যায়ে প্রবেশ করেছে। তাই প্রশাসনিক কাজকে আরও গতিশীল করতে নতুন মুখ অন্তর্ভুক্তি এবং দায়িত্ব ভাগ করে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রিসভার রদবদল শুধু প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার উদ্দেশ্যেই করা হয় না; এর পেছনে থাকে দীর্ঘমেয়াদি রাজনৈতিক কৌশলও। সরকার একদিকে ছয় মাসের কর্মকাণ্ড মূল্যায়ন করছে, অন্যদিকে নির্বাচনী ইশতেহারের বাকি প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য আরও কার্যকর টিম গঠনের চেষ্টা করছে।

বিশ্লেষকদের মতে, যেসব মন্ত্রণালয়ে আমলাতান্ত্রিক জটিলতা, সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি কিংবা কর্মসম্পাদনের ঘাটতি রয়েছে, সেখানে অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্ব নিয়ে আসা হতে পারে। একই সঙ্গে যেসব মন্ত্রী একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে অতিরিক্ত চাপের মুখে রয়েছেন, তাদের দায়িত্ব ভাগ করে দিলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

তারা আরও মনে করেন, সরকারের অভ্যন্তরীণ সমন্বয় জোরদার করতেও এই রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্ভাব্য নতুন সদস্যদের তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, সেখানে যেমন প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিক রয়েছেন, তেমনি তরুণ নেতৃত্ব এবং প্রশাসনিক ও প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন ব্যক্তিদেরও বিবেচনায় রাখা হয়েছে। এর ফলে একদিকে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে, অন্যদিকে প্রশাসনের কার্যকারিতাও বাড়বে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও জ্যেষ্ঠ নেতাদের মতে, সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভার রদবদল বা সম্প্রসারণ একটি স্বাভাবিক এবং চলমান প্রক্রিয়া। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভা গঠন, সম্প্রসারণ কিংবা পুনর্গঠনের একক এখতিয়ার প্রধানমন্ত্রীর হাতে রয়েছে। তাই প্রয়োজন মনে করলে তিনি যে কোনো সময় নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারেন অথবা দায়িত্ব পুনর্বিন্যাস করতে পারেন।

মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, এমন পরিবর্তন হওয়াটা স্বাভাবিক এবং এটি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি প্রয়োজন মনে করলে যে কোনো সময় নতুন কাউকে মন্ত্রিসভায় যুক্ত করতে পারেন, আবার কারও কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে তাকে বাদ দেওয়া বা অন্য দায়িত্বেও পাঠাতে পারেন।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের পরিবর্তন স্বাভাবিক বিষয়। কোনো সিদ্ধান্ত পরবর্তীতে সংশোধনের প্রয়োজন হলে প্রধানমন্ত্রী তা করবেন—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতান্ত্রিক সরকার জনগণের প্রত্যাশা ও বাস্তবতার আলোকে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, যা স্বৈরশাসনের সঙ্গে মৌলিক পার্থক্য তৈরি করে।

উল্লেখ্য, এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান গত ১ জুন প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। সরকার দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় একজন মন্ত্রীর পদত্যাগে মন্ত্রিসভার ভেতরে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

দীপেন দেওয়ানের পদত্যাগকে কেন্দ্র করে নানা ধরনের আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। তিনি প্রকৃতপক্ষে অসুস্থতার কারণেই পদত্যাগ করেছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা জল্পনা তৈরি হয়। তার পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচিও পালন করেন।

বর্তমানে প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৫০ জন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। সরকার ছয় মাস পূর্তিকে সামনে রেখে কর্মদক্ষতার মূল্যায়ন শেষে নতুন উদ্যমে প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে চাইছে। এখন সবার দৃষ্টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আনুষ্ঠানিক ঘোষণার দিকে—সেখানে কার ভাগ্যে নতুন দায়িত্ব জোটে, কার দপ্তর বদলায় এবং কারা নতুন করে মন্ত্রিসভায় শপথ নেন, সেটিই দেখার অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme