বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত নতুন ১১ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে তারা সরকারি অংশগ্রহণমূলক বেতন-ভাতার আওতায় আসবেন। এ বেতন-ভাতা দেওয়া হবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থার মাধ্যমে। এজন্য এমপিওভুক্ত প্রার্থীদের নিজ নিজ তথ্য অনলাইনে ইএফটি সিস্টেমে প্রদান করতে হবে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকেই এই তথ্য দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার-৫ মো. জহির উদ্দিন।
তিনি জানান, “স্কুল-কলেজের যে সকল শিক্ষক-কর্মচারী নভেম্বর-২৫ মাসে নতুনভাবে এমপিওভুক্ত হচ্ছেন, তাদের ইএফটির তথ্য বৃহস্পতিবার থেকে অনলাইনে এন্ট্রি দেওয়া যাবে। যথাসময়ে এমপিওর অর্থ পাওয়ার জন্য দ্রুত তথ্য জমা দিতে হবে।”
এর আগে বুধবার রাতে মাউশির অক্টোবর মাসের এমপিও কমিটির সভায় ১১ হাজার ২২৮ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়। সভার তথ্য অনুযায়ী, স্কুল পর্যায়ে এমপিওভুক্তদের মধ্যে বরিশাল অঞ্চলে ১,০৭৭ জন, চট্টগ্রামে ৫৫৯ জন, কুমিল্লায় ১,৪৪৫ জন, ঢাকায় ২৬০ জন, খুলনায় ২,১৭৭ জন, ময়মনসিংহে ১,২৩৭ জন, রাজশাহীতে ৬১২ জন, রংপুরে ১,২০৯ জন এবং সিলেট অঞ্চলে ৮৮৩ জন রয়েছেন।
অন্যদিকে, কলেজ পর্যায়ে এমপিওভুক্ত হওয়া ১,৭৬৯ জনের মধ্যে বরিশাল অঞ্চলে ২০২ জন, চট্টগ্রামে ১০৫ জন, কুমিল্লায় ১৮১ জন, ঢাকায় ১২৩ জন, খুলনায় ২২৯ জন, ময়মনসিংহে ১২৫ জন, রাজশাহীতে ৪২৩ জন, রংপুরে ২৪০ জন এবং সিলেট অঞ্চলে ১৪১ জন রয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইএফটি ব্যবস্থা চালুর ফলে নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরাসরি ব্যাংক হিসাবে বেতন-ভাতা পাবেন। এতে প্রক্রিয়াটি হবে আরও দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক।
Leave a Reply