বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড নতুনভাবে নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ। মঙ্গলবার (২৮ অক্টোবর) জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা জানানো হয়। পরিপত্রে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও প্রভাষক পদে শিক্ষাগত যোগ্যতা সমানভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে নিয়োগ প্রক্রিয়ায় একরূপতা ও মান বজায় থাকে।
পরিপত্রে বলা হয়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’ এর ‘পরিশিষ্ট-ঘ’ অংশে উল্লিখিত কাম্য শিক্ষাগত যোগ্যতা (নির্দিষ্ট পদের বিপরীতে) সংশোধন করে নতুন যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে নিয়োগ পেতে হলে প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি/সমমান অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান অর্জন করতে হবে। পাশাপাশি সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
অন্যদিকে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান ডিগ্রি ও বিএড ডিগ্রি/সমমান থাকতে হবে। এখানেও শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
মাউশির এই নতুন যোগ্যতা নির্ধারণের ফলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও মানসম্মত হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply