মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাতা প্রদানসহ তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। তারা সরকারের কাছে আজ বুধবার (১৫ অক্টোবর) রাতের মধ্যেই প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দিয়ে জানিয়েছেন, দাবি পূরণ না হলে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুরু হবে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শেষে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, “আজ রাতের মধ্যেই যদি আমাদের দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত না আসে, তাহলে আগামীকাল দুপুর ১২টায় আমরা ‘লং মার্চ টু যমুনা’ শুরু করবো। আমরা প্রশাসনকে অনুরোধ করছি—শিক্ষক সমাজ আপনাদের সহযোগিতা করেছে, আপনারাও আমাদের ন্যায্য দাবির পক্ষে সহযোগিতা করুন।”
দিনের শুরুতে, আজ দুপুর দুইটার দিকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করে। তবে শিক্ষকরা সেই ব্যারিকেড অতিক্রম করে দুপুর ২টার পর শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং স্লোগান, বক্তব্য ও কর্মসূচি চালিয়ে যান। প্রায় তিন ঘণ্টা অবস্থান শেষে বিকেল ৫টার আগে তারা অবরোধ তুলে নিয়ে পুনরায় শহীদ মিনারে ফিরে যান।
শিক্ষকরা জানিয়েছেন, সরকারের কাছে তাদের তিনটি দাবি—মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাতা প্রদান, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা—দীর্ঘদিনের বঞ্চনার প্রতিকার হিসেবেই তারা এই আন্দোলনে নেমেছেন।
Leave a Reply