বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী তাদের জন্য শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা প্রদানের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী রবিবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রস্তাবে বাড়ি ভাড়া ভাতার হার ৫, ১০, ১৫ এবং ২০ শতাংশ রাখা হয়েছে। অর্থাৎ, মন্ত্রণালয়ের তৈরি করা প্রস্তাবে বিভিন্ন হার অন্তর্ভুক্ত করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় যে হার অনুমোদন করবে, সেই হারেই শিক্ষক-কর্মচারীরা বাড়ি ভাড়া ভাতা পাবেন।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া দাবি করে আসছেন। তারা ঘোষণা দিয়েছেন, আগামী ১০ অক্টোবরের মধ্যে এ দাবি বাস্তবায়িত না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনে নামবেন।
এর আগে, গত ১৩ আগস্ট জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাতা ২০ শতাংশ করার প্রস্তাবনা দেওয়া হয়। পরবর্তীতে সে প্রস্তাবের আলোকে একটি সারসংক্ষেপ তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয় জোটটি।
এ প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়। সেই তথ্যের ভিত্তিতেই প্রস্তাব তৈরি করা হয়, যা পৃথকভাবে অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
Leave a Reply