বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। আর ম্যানেজিং কমিটি বা পরিচালনা পর্ষদের হাতে এ নিয়োগের কর্তৃত্ব থাকছে না। নতুন নিয়মে নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব যাবে জেলা প্রশাসকের নেতৃত্বাধীন একটি সুপারিশ কমিটির হাতে। উল্লেখযোগ্য বিষয় হলো, এ কমিটিতে আর ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কেউ থাকবেন না।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়, যাতে স্বাক্ষর করেন সচিব রেহানা পারভীন।
আগে শিক্ষক ছাড়া অন্যান্য কর্মচারী নিয়োগের জন্য কমিটি গঠন করা হতো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির নেতৃত্বে। কিন্তু অভিযোগ ছিল, এ নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির প্রভাব চলে আসছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, নিয়োগ সুপারিশ কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক। সদস্য থাকবেন জেলার সবচেয়ে প্রাচীন সরকারি কলেজের অধ্যক্ষ বা তার প্রতিনিধি, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক/সহকারী পরিচালক। জেলা শিক্ষা কর্মকর্তা থাকবেন সদস্যসচিব হিসেবে।
এই কমিটি লিখিত পরীক্ষা, ফলাফল প্রস্তুত ও নিয়োগের সুপারিশ করবে। প্রয়োজনে মৌখিক পরীক্ষার জন্য একাধিক বোর্ডও গঠন করা যাবে। জেলা প্রশাসকের প্রতিনিধির নেতৃত্বে অন্তত নবম গ্রেডের কর্মকর্তাদের নিয়ে তিন সদস্যবিশিষ্ট বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতেই এ নতুন ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
Leave a Reply