বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
সভা শেষে এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হলেও এগুলো মূলত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নীতি-নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সবার সঙ্গে সমন্বয় করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক উপসচিব জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বিধিমালায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে কারিগরি, মাদ্রাসা এবং স্কুল-কলেজ পর্যায়ে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা একীভূত করার আলোচনা হয়েছে। বর্তমানে তিনটি অধিদপ্তরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন হওয়ায় শিক্ষক সুপারিশ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছিল।
এ কর্মকর্তা আরও বলেন, ৪০টি পদে শিক্ষক নিয়োগে অভিন্ন যোগ্যতা নির্ধারণ করার পাশাপাশি মৌখিক পরীক্ষার নম্বরও বিধিমালায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভুল হবে বলে আশা করা হচ্ছে।
পূর্ববর্তী বাস্তবতায় দেখা গেছে, শিক্ষাগত যোগ্যতার পার্থক্যের কারণে অনেক নিবন্ধিত প্রার্থী দীর্ঘদিন ধরে সুপারিশ থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। এজন্যই শিক্ষক মহল থেকে তিন অধিদপ্তরের যোগ্যতা সমন্বয়ের দাবি জোরালোভাবে উঠে আসে।
উল্লেখ্য, এনটিআরসিএ সম্প্রতি পরীক্ষা পদ্ধতি ও নিয়োগ বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় খসড়া প্রণয়ন শেষে বোর্ড সভায় তা অনুমোদন করা হয়। আর আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে অগ্রগতির নতুন দিক উন্মোচিত হলো।
Leave a Reply