শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত বহু শিক্ষক-কর্মচারীর বেতন প্রদানে জটিলতা তৈরি হয়েছে। মূলত ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে প্রেরিত তথ্যের মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংকের রাউটিং নম্বরসহ একাধিক ক্ষেত্রে অসঙ্গতি থাকায় তাদের বেতন আটকে গেছে।
এই সমস্যা সমাধানে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল রবিবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত এসব তথ্য সংশোধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ চলতি বছরের ১ জানুয়ারি থেকে ইএফটির মাধ্যমে প্রদান করা হচ্ছে। এ জন্য প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে শিক্ষক-কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক তথ্য সংগ্রহ করা হয়েছিল।
কিন্তু iBAS++ সিস্টেমে যাচাই প্রক্রিয়ার সময় দেখা গেছে, অনেক শিক্ষক-কর্মচারীর তথ্য ভুল রয়েছে। একই সঙ্গে কেউ কেউ ইতোমধ্যে অন্য প্রতিষ্ঠানে যোগদান করেছেন কিংবা পদত্যাগ, স্থগিত, বা অনুপস্থিত আকারে চিহ্নিত হওয়ায় তাদের বেতন প্রদান সম্ভব হয়নি। ফলে সঠিক তথ্য যাচাই ও হালনাগাদের জন্য প্রতিষ্ঠানগুলোতে ফেরত পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংযুক্ত নির্দেশিকা অনুযায়ী ২১ সেপ্টেম্বরের মধ্যে সব তথ্য সঠিকভাবে হালনাগাদ করে পুনরায় প্রেরণ করতে হবে। এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব স্কুল ও কলেজের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।
Leave a Reply