শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত জটিলতা নিরসনে আন্তঃশিক্ষা বোর্ড বিদ্যালয় পরিদর্শক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন আন্তঃশিক্ষা বোর্ড বিদ্যালয় পরিদর্শক কমিটির আহ্বায়ক ড. মো. মাসুদ রানা খান।
মিডিয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৮ নভেম্বরের পর যেসব স্কুল অ্যাডহক কমিটি করেছে, তাদের মেয়াদ চলমান থাকলেও বা শেষ হয়ে গেলেও সেসব কমিটিকে ৩০ নভেম্বরের মধ্যে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ করার প্রক্রিয়া নিয়েই সভায় আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়েছে, তাদের নতুন করে অ্যাডহক কমিটি করার প্রয়োজন নেই। কিন্তু বিষয়টি অনেকেই সঠিকভাবে বোঝেননি।
তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের আদেশে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ আছে, যা অনেকে বুঝতে পারছেন না। আসলে মন্ত্রণালয়ের আদেশ সাধারণত এভাবেই আসে—তা বোঝার দায়িত্বও আমাদের। আমরা চেষ্টা করছি এসব বিষয় স্পষ্ট করার। তাই এই সভা আহ্বান করা হয়েছে।
ড. মাসুদ রানা খান জানান, এ বিষয়গুলো শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে জানানো হবে। তাঁর মতামত ও সম্মতির ভিত্তিতে পরে সব বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
তিনি উল্লেখ করেন, সভায় সব শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক উপস্থিত ছিলেন। যদিও প্রবিধানে বিষয়গুলো স্পষ্ট উল্লেখ রয়েছে, তারপরও বাস্তব প্রয়োগে বিভ্রান্তি দেখা দিলে তা ব্যাখ্যা করাই এই সভার উদ্দেশ্য।
তিনি আরও বলেন, গত ৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় যে নতুন পরিপত্র জারি করেছে, তার কয়েকটি দিক প্রতিষ্ঠান প্রধানরা বুঝতে পারছেন না। ফলে প্রতিদিনই তারা ঢাকা শিক্ষা বোর্ড কার্যালয়ে এসে ব্যাখ্যা চাইছেন। মূলত এ ধরনের সমস্যার সমাধান করতেই আন্তঃশিক্ষা বোর্ড বিদ্যালয় পরিদর্শক কমিটির এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে।
Leave a Reply