ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিনটি পদসহ মোট ২৩টি পদে নিরঙ্কুশ জয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। তবে ২৮টি পদের মধ্যে বাকি ৫টিতে জয় লাভ করতে ব্যর্থ হয়েছেন তারা।
বুধবার (১০ সেপ্টেম্বর) ঘোষিত ফলাফল অনুযায়ী দেখা যায়, ভিপি, জিএস ও এজিএস—এই তিন শীর্ষ পদেই বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। শীর্ষ তিনটি পদ ছাড়া ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছে এই প্যানেল। অপর তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
এছাড়া কার্যনির্বাহী সদস্যের ১৩টি পদের মধ্যে ১১টিতে বিজয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। বাকি দুটি আসনের একটি দখল করেছেন স্বতন্ত্র প্রার্থী এবং অন্যটি জয়ী হয়েছেন প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থী।
শিবির সমর্থিত প্যানেল থেকে সম্পাদকীয় পদে যারা পরাজিত হয়েছেন তারা হলেন— সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী নুরুল ইসলাম সাব্বির, যিনি পেয়েছিলেন ২ হাজার ৭৪৭ ভোট। এই পদে স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ৭ হাজার ৭৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে শিবিরের সাজ্জাদ হোসাইন খাঁন পেয়েছেন ৭ হাজার ১৮৯ ভোট, কিন্তু ১১ হাজার ৭০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জুলাই আন্দোলনে আলোচিত সানজিদা আহমেদ তন্বি। এছাড়া সমাজসেবা সম্পাদক পদে শিবির প্রার্থী শরীফুল ইসলাম মুয়াজ পেয়েছেন ২ হাজার ৫৫৬ ভোট, আর ৭ হাজার ৬০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী যুবাইর বিন নেছারী।
এদিকে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হতে পারেননি দুই প্রার্থী— মাজহারুল ইসলাম ও আবদুল্যা আল মাহমুদ। এর মধ্যে মাজহারুল পেয়েছেন ৩ হাজার ৩০৩ ভোট এবং আবদুল্যা পেয়েছেন ৩ হাজার ৩৮৬ ভোট।
Leave a Reply