দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা চলতি বছরের জুন মাসের বেতন খুব শিগগিরই পাচ্ছেন। এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহেই তাদের বেতন পরিশোধ সম্পন্ন হবে। আজ বুধবার, ২৩ জুলাই, বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন অধিদপ্তরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান।
তিনি বলেন, ‘জুন মাসের বেতন কার্যক্রম প্রায় সম্পন্ন। আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আইবাস (iBAS++) সিস্টেমে বেতন সংক্রান্ত সব তথ্য প্রেরণ করেছি। কিন্তু আইবাস সিস্টেমে কিছু প্রযুক্তিগত জটিলতার কারণে এখনো শিক্ষকদের বেতন হস্তান্তর সম্ভব হয়নি। তবে আশা করছি, আগামী সপ্তাহের রবিবার, ২৭ জুলাই অথবা সোমবার, ২৮ জুলাইয়ের মধ্যেই শিক্ষকরা তাদের বেতন পেয়ে যাবেন।’
প্রকৌশলী মাকসুদুর রহমান আরও বলেন, ‘জুন মাসের বেতন প্রদানের জন্য প্রয়োজনীয় সকল প্রশাসনিক প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি। এ বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি, যাতে শিক্ষকরা দেরি না করে তাদের প্রাপ্য পেতে পারেন। ইনশাআল্লাহ, প্রথম ধাপে আইবাসের মাধ্যমে ৫০০ থেকে ৬০০ শিক্ষক তাদের বেতন পেয়ে যাবেন। এর পরপরই পর্যায়ক্রমে বাকি শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধ কার্যক্রমও সম্পন্ন করা হবে।’
এদিকে সংশ্লিষ্ট মহলে জানা গেছে, বেতন প্রদানে যেসব শিক্ষক আগে আইবাসে অন্তর্ভুক্ত হয়েছেন, তারা প্রাথমিকভাবে অর্থ পেয়ে যাবেন। বাকিদের তথ্য যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে পরিশোধ কার্যক্রম চলবে। কারিগরি শিক্ষা অধিদপ্তর আশ্বাস দিয়েছে, বিষয়টি অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব সম্পূর্ণ কার্যক্রম শেষ করা হবে।
Leave a Reply