শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি আবেদন জমা দেওয়ার প্রবণতা রোধে কড়া নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রধান শিক্ষক, অধ্যক্ষ, পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের উদ্দেশ্যে বলা হয়েছে—সরাসরি মন্ত্রণালয়ে আবেদন করা বিধি-বিধান পরিপন্থি এবং এতে মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ফলে এ ধরনের আবেদন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
গত ১১ জুলাই (বৃহস্পতিবার) মাউশি এ বিষয়ে একটি চিঠি জারি করে দেশের সব প্রধান শিক্ষক, অধ্যক্ষ, আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। এটি ৩০ জুন শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি হওয়া একটি পরিপত্রের আলোকে দেওয়া হয়েছে।
চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়—শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সদস্যরা কোনো ব্যক্তিগত অভিযোগ, এমপিও সংক্রান্ত বা অন্যান্য বিষয়ে মন্ত্রণালয়ে সরাসরি আবেদন করতে পারবেন না। সকল আবেদন যথাযথভাবে অধিদপ্তর বা নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে জমা দিতে হবে।
এর আগে ২১ মে তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকেও অনুরূপ একটি পরিপত্র জারি করা হয়েছিল, যেখানে সরাসরি আবেদন নিষিদ্ধ করা হয়। ব্যক্তিগত স্বার্থে বা প্রতিষ্ঠানের দাবি নিয়ে সরাসরি আবেদন মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজকর্মে বিঘ্ন ঘটায় বলেই এই সিদ্ধান্ত।
শিক্ষা মন্ত্রণালয় আবারও সংশ্লিষ্ট সবাইকে স্মরণ করিয়ে দিয়েছে—এমপিওভুক্তি বা অন্য যেকোনো সমস্যার নিরসনে নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং কোনোভাবেই মন্ত্রণালয়ে সরাসরি না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply