চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশিত হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। সোমবার (৭ জুলাই) সকালে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ২০২5 সালের এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অংশগ্রহণ করেছে মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। দেশব্যাপী ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়। এ ছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন শিক্ষার্থী—যার মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। তাদের পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭২৫টি কেন্দ্রে, মোট ৯ হাজার ৬৩টি প্রতিষ্ঠানে। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন। এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর পরীক্ষার ফল একসঙ্গে প্রকাশ হওয়ায় সারাদেশে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়ছে উত্তেজনা ও প্রত্যাশা। শিক্ষা প্রশাসনও ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে।
Leave a Reply