মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন কোনো দপ্তর বা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা যদি অনুমোদন না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকেন, তাহলে তাদের তথ্য চেয়ে নির্দেশনা জারি করেছে অধিদপ্তর। মঙ্গলবার (১ জুলাই) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে মাউশি।
অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, মাউশির আওতাধীন কোনো দপ্তর বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী যদি ফৌজদারি কিংবা অন্য কোনো মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন বা হাজতবাসে থাকেন এবং একইসঙ্গে অনুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে গ্রেপ্তার ও অনুপস্থিতির তারিখসহ বিস্তারিত তথ্য দ্রুত অধিদপ্তরে প্রেরণের নির্দেশ দেওয়া হলো।
চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক, সকল আঞ্চলিক কার্যালয়, এইচএসটিটিআই (সকল), সরকারি কলেজ ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষগণ, বিদ্যালয় ও পরিদর্শন শাখার উপপরিচালক (সকল অঞ্চল), জেলা শিক্ষা অফিসার, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কাছে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই নির্দেশনার ফলে শিক্ষক-কর্মচারীদের অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার প্রবণতা কমবে।
Leave a Reply