মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষকরা। আগামী সোমবার (২০ অক্টোবর) থেকে তারা আমরণ অনশন কর্মসূচিতে যাচ্ছেন।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর হাইকোর্ট মাজার মোড়ে এক সমাবেশে এ ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী।
দেলাওয়ার হোসাইন আজিজী বলেন,
“আগামীকাল থেকে আমরা আমরণ অনশন কর্মসূচিতে যাচ্ছি। একই সঙ্গে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে। সরকার আজ যে ৫ শতাংশ বাড়িভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটিকে আমরা প্রাথমিক বিজয় হিসেবে দেখছি।”
তিনি আরও বলেন,
“যখন সরকার ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি করবে, তখনই সেটি হবে আমাদের চূড়ান্ত বিজয়। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা শ্রেণিকক্ষে ফিরব না। শাহবাগ অবরোধ, টিএসসি বিক্ষোভ, কালো পতাকা মিছিল, ভুখা মিছিল—সব কর্মসূচি আমরা ধারাবাহিকভাবে পালন করেছি। আমাদের অনেক শিক্ষক অসুস্থ হয়েছেন, তবু আন্দোলন চলবে।”
এর আগে রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ভুখা মিছিল শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা। মিছিল শেষে তারা বিকাল ৫টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। পুলিশের বাধার মুখে তারা পরে আবার শহীদ মিনার প্রাঙ্গণে ফিরে যান।
শিক্ষকরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশনসহ সব কর্মসূচি চলবে এবং কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বা প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে না।
Leave a Reply