বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এক বৈঠক শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সাংবাদিকদের এ তথ্য জানান।
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “বিএনপি মহাসচিব আমাদের আশ্বস্ত করেছেন যে, তারা ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবেন। ইতোমধ্যেই তিনি বিষয়টি নিয়ে অর্থ উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। আগামী ২২ অক্টোবর অর্থ উপদেষ্টা দেশে ফিরবেন, তখন বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ হবে।”
তিনি আরও বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন। আমরা তাকে আশ্বাস দিয়েছি যে, আমাদের আন্দোলন সর্বদা শান্তিপূর্ণ ছিল এবং থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হোক, আমরা তা চাই না।”
অধ্যক্ষ আজিজী জানান, তারা বিএনপি মহাসচিবের কাছে অনুরোধ জানিয়েছেন যেন তিনি একজন অভিভাবকের মতো সরকারের সঙ্গে আলোচনা করে শিক্ষকদের দাবি বাস্তবায়নে সহায়তা করেন। তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের কথা শুনেছেন। তিনি নিজেও শিক্ষক ছিলেন, তাই তিনি আমাদের সমস্যাগুলো খুব ভালোভাবে বুঝেছেন। এই আন্তরিক মনোভাব আমাদের নতুন আশার আলো দেখাচ্ছে।”
অধ্যক্ষ দেলোয়ার আরও বলেন, “আমরা বিশ্বাস করি, বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবে রূপ নেবে। মহাসচিব বিষয়টি নিজের তত্ত্বাবধানে নিয়েছেন, যা আমাদের আন্দোলনের জন্য এক বড় প্রাপ্তি।”
Leave a Reply