বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান ও এমপিওভুক্তি প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি বরদাশত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে আয়োজিত এক কর্মশালায় তিনি এ বার্তা দেন।
কর্মসূচির উদ্বোধন করেন এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এরাদুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনটিআরসিএ’র সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) নূরে আলম সিদ্দীকি এবং সঞ্চালনায় ছিলেন সচিব এ এম এম রিজওয়ানুল হক।
এসময় চেয়ারম্যান বলেন, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যোগদান করতে গিয়ে অনেক শিক্ষক নানা রকম হয়রানির শিকার হচ্ছেন—এমন অভিযোগ নিয়মিত আসছে। তিনি স্পষ্ট করে জানান, শিক্ষকদের হয়রানি করা যাবে না। যোগদানের এক মাসের মধ্যে এমপিওভুক্তির ফাইল সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠাতে হবে। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে।
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, সরকার ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহবায়ক করে গঠিত এই কমিটিতে তিন অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ’র প্রতিনিধি অন্তর্ভুক্ত আছেন। শিগগিরই এ কমিটি বৈঠক করে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নীতিমালা তৈরি করবে। এনটিআরসিএ চেয়ারম্যান নিশ্চিত করে বলেন, ভবিষ্যতে ম্যানেজিং কমিটির মাধ্যমে আর প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হবে না।
তিনি আরও বলেন, এতদিন প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে শূন্যপদের তথ্য সংগ্রহ করা হতো, কিন্তু অনেক সময় ভুল তথ্য দেওয়ার কারণে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা বিড়ম্বনার শিকার হন। এজন্য এখন থেকে শূন্যপদের তথ্য প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে নেওয়া হবে না, বরং সংশ্লিষ্ট অধিদপ্তরের কাছ থেকে সরাসরি সংগ্রহ করা হবে।
এছাড়া নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত প্রস্তাবনাও তুলে ধরেন এনটিআরসিএ চেয়ারম্যান। তিনি জানান, মাদ্রাসা শিক্ষকদের জন্য প্রস্তাবিত পরীক্ষায় ১৪০ নম্বরের সাবজেক্টিভ ও ৬০ নম্বরের জেনারেল (বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান) পরীক্ষা নেওয়া হবে। উত্তীর্ণ হতে প্রার্থীকে মোট ৮০ নম্বর পেতে হবে। তবে আলাদাভাবে সাবজেক্টিভ ও জেনারেলে ৪০ পেলে যথেষ্ট হবে না, উভয়ের সমন্বয়ে ৮০ নম্বর নিশ্চিত করতে হবে।
Leave a Reply