জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে বিএড ডিগ্রি অর্জন করা শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল—তাদেরও যেন সরকারি স্বীকৃত বিএড স্কেল প্রদান করা হয়। অবশেষে সরকার এ সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) একটি প্রস্তাবনা তৈরি করেছে, যা আগামী সপ্তাহেই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রস্তাবনা অনুমোদন পেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সব কলেজ থেকে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকরাই বিএড স্কেলের আওতায় আসবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে মাত্র ২৩টি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জনকারীরা বিএড স্কেল পাচ্ছেন। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৯২টি কলেজের ডিগ্রির মান একই হওয়া সত্ত্বেও বাকি কলেজ থেকে ডিগ্রি নেওয়া শিক্ষকরা এই সুবিধা পাচ্ছেন না। বিষয়টি শিক্ষক মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।
নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা জানান, শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবনায় অনুমোদন এলে ভবিষ্যতে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকদের স্কেল পাওয়ার ক্ষেত্রে আর কোনো জটিলতা থাকবে না। এর ফলে অসংখ্য শিক্ষক দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি পাবেন।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, আদালতে করা রিটের মাধ্যমে ২৩টি কলেজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রদত্ত বিএড ডিগ্রির বৈধতা পেয়েছিল। কিন্তু আদালতের সেই রায়কে ভুলভাবে ব্যাখ্যা করে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নোটিশ জারি করেন যে, কেবল ওই ২৩ কলেজ থেকেই অর্জিত ডিগ্রির ভিত্তিতেই বিএড স্কেল দেওয়া যাবে। এতে অসংখ্য শিক্ষক ক্ষতিগ্রস্ত হন।
বঞ্চিত শিক্ষকদের অভিযোগ, রিট করা কলেজগুলো মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রভাব খাটিয়ে এমন নোটিশ জারি করিয়েছিল, যাতে অন্য কলেজ থেকে ডিগ্রি নেওয়া শিক্ষকরা স্কেল সুবিধা না পান। ফলে তারা ডিগ্রি অর্জন করেও সরকারি স্বীকৃতি ও প্রাপ্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
Leave a Reply