শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) উদ্যোগে আগামী রবিবার দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানা গেছে, উভয় সভাতেই সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীন।
মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রথম সভাটি শুরু হবে সকাল ১০টায়। এই বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিদ্যমান বিধিমালায় সংশোধন আনার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। বিশেষভাবে এনটিআরসিএর নিয়োগ প্রক্রিয়ায় ভাইভার নম্বর অন্তর্ভুক্ত করার প্রস্তাব আলোচনায় আসবে। একই সঙ্গে শিক্ষক নিয়োগ পরীক্ষার পদ্ধতি নিয়ে বিস্তৃতভাবে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে।
উক্ত সূত্র আরও জানায়, দ্বিতীয় সভাটি শুরু হবে বেলা ১১টায়। এ সভায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন তিনটি অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শূন্য পদ পূরণের ক্ষেত্রে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ন্যূনতম যোগ্যতা নির্ধারণের বিষয়টি আলোচনায় আসবে। বিশেষ করে ৪০টি পদে শিক্ষাগত যোগ্যতার সমতা বিধান নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দুটি সভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সভায় শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ উপস্থিত থাকবেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
Leave a Reply