ছুটি মানেই গ্রামে ফেরা, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। সারা বছরে বাংলাদেশিদের জন্য বড় যে কয়েকটি ছুটি আসে, তার মধ্যে ঈদের পরপরই দুর্গাপূজা অন্যতম। এবারের শারদীয় দুর্গাপূজা ঘিরেও সেই প্রত্যাশিত ছুটির আমেজ শুরু হয়েছে। নতুন আনন্দের বিষয় হলো—গত বছর প্রথমবারের মতো ঈদের পাশাপাশি দুর্গাপূজাতেও বাড়তি ছুটি দিয়েছিল ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, যা এ বছর দ্বিতীয়বারের মতো মানুষ ভোগ করতে যাচ্ছে।
সূত্রের তথ্যমতে, দুর্গাপূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে, চলবে ৭ অক্টোবর পর্যন্ত—অর্থাৎ টানা ১২ দিন। দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব স্কুল-কলেজ এই ছুটির আওতায় থাকবে। তার ওপর ২৬ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার থাকায় শিক্ষার্থীরা দুই দিন বাড়তি ছুটি উপভোগ করবে। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজার দিনে ঐচ্ছ্বিক ছুটিও যুক্ত হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে এ সময় মোট ১২ দিন ছুটি থাকবে। এতে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজার ছুটি অন্তর্ভুক্ত হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু স্বায়ত্তশাসিত, তাই তাদের ছুটি নির্ধারণ করবে নিজ নিজ সিন্ডিকেট সভার সিদ্ধান্তে।
অন্যদিকে চাকরিজীবীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে থাকছে তিন দিনের ছুটি। ২ অক্টোবর বিজয়া দশমীর ছুটির পর ৩ ও ৪ অক্টোবর শুক্রবার-শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় একটানা তিন দিনের বিশ্রাম উপভোগ করতে পারবেন তারা।
Leave a Reply