নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো ধরনের গাড়ি কেনা হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজে ব্যবহারের জন্য প্রায় ৩০০টি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, “কোথাও যেন দেখলাম আমাকে কোট করে বলা হয়েছে আমি নাকি মন্ত্রীদের গাড়ি কেনার অনুমোদন দিয়েছি। এ ধরনের কোনো প্রশ্নই ওঠে না। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন একটি প্রস্তাব এসেছিল, কিন্তু আমি সরাসরি সেটি বন্ধ করে দিয়েছি। মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা হবে না।”
তিনি আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে প্রস্তাব এসেছিল তা আসলে মাঠ প্রশাসনের জন্য। কারণ বর্তমানে অনেক গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে মাঠ পর্যায়ের কর্মকর্তারা যদি এসব ভাঙা গাড়ি নিয়ে দায়িত্ব পালন করতে যান এবং মাঝপথে গাড়ি বিকল হয়ে যায়, তবে তা কার্যক্রমে বড় ধরনের সমস্যার সৃষ্টি করবে। তাই কেবল এই বাস্তব কারণেই নতুন গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
ড. সালেহউদ্দিন বলেন, “এখানে কেউ যেন ভুল ব্যাখ্যা করছে। আমার বন্ধুদের জন্য আমি নাকি গাড়ি দিচ্ছি—এমন কথা একেবারেই ভিত্তিহীন। আমার বন্ধুরাও এ নিয়ে বিরক্ত হয়েছেন। আসল বিষয় হলো নির্বাচনের মাঠে সুষ্ঠুভাবে কাজ করার জন্য গাড়ি কেনা হবে, মন্ত্রীদের বিলাসিতা বা সুবিধার জন্য নয়।”
তিনি নিশ্চিত করে বলেন, মাঠ প্রশাসনের জন্য প্রস্তাবিত প্রায় ৩০০টি গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে, তবে মন্ত্রীদের জন্য প্রস্তাবিত ৬০টি গাড়ি কেনা একেবারেই অনুমোদিত হয়নি।
Leave a Reply