মাদরাসার কৃষিশিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য কাম্য শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও গ্রেড পুনর্নির্ধারণ করেছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে সর্বশেষ এমপিও নীতিমালা জারির পর যেসব শিক্ষক ১১ কোডে চাকরিতে যোগদান করে এমপিওভুক্ত হয়েছেন, তাদের নির্ধারিত ১০ কোডে বেতন-গ্রেড কার্যকর করার লক্ষ্যে পুনরায় আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার প্রকাশিত মাদরাসা শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ জারির পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে যেসব শিক্ষক সহকারী শিক্ষক (কৃষি) পদে বিভিন্ন মাদরাসায় যোগদান করেছেন এবং পরবর্তীতে ১১ কোডে এমপিওভুক্ত হয়েছেন, তাদের বেতন পুনর্নির্ধারণের সুযোগ দেওয়া হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, এসব শিক্ষককে মেমিস (MEMIS) সফটওয়্যারের ‘পুনঃনিয়োগ’ (Reappointment) অপশনে প্রবেশ করে ১০ কোডে বেতন নির্ধারণের জন্য আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে তাদের বেতন স্কেল ও গ্রেড পুনর্নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র এনটিআরসিএর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে সর্বশেষ এমপিও নীতিমালা-২০২৬ জারির পর সহকারী শিক্ষক (কৃষি) পদে যোগদান করে ১১ কোডে এমপিওভুক্ত হওয়া শিক্ষকরা এ আবেদন করতে পারবেন। তাই সংশ্লিষ্ট শিক্ষকদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে মেমিস সফটওয়্যারের মাধ্যমে দ্রুত আবেদন সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply