মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের আইসিটি বিষয়ে দক্ষ প্রশিক্ষক (ট্রেইনার) হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী আবেদন আহ্বান করেছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অভিজ্ঞতা এবং আগ্রহ রয়েছে—এমন শিক্ষকদের নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। আগ্রহী শিক্ষকরা আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (২৫ জুন) ব্যানবেইসের UITRCE Phase-II প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. মো. নাসির উদ্দিন গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোরিয়া সরকারের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন ‘Establishment of 160 Upazila ICT Training and Resource Center for Education (UITRCE) Phase-II’ প্রকল্পের আওতায় দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য আইসিটি প্রশিক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের অংশ হিসেবে সারাদেশের নির্ধারিত উপজেলা থেকে যোগ্য ও দক্ষ শিক্ষকদের নির্বাচন করে তাদের প্রশিক্ষক (ট্রেইনার) হিসেবে গড়ে তোলা হবে। পরবর্তীতে এসব প্রশিক্ষক নিজ নিজ এলাকায় অন্যান্য শিক্ষকদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন।
ব্যানবেইস জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের মধ্যে যারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ, দক্ষ এবং প্রশিক্ষক হিসেবে কাজ করতে আগ্রহী, তাদের কাছ থেকেই আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন করতে হবে নির্ধারিত অনলাইন ফরম পূরণের মাধ্যমে।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ জুন থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত ব্যানবেইসের ওয়েবসাইট, শিক্ষক বাতায়ন এবং শিক্ষক বাতায়নের ফেসবুক গ্রুপে প্রকাশিত নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনকারীদের নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই জমা দিতে হবে।
ব্যানবেইস আরও জানিয়েছে, তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞ ও আগ্রহী শিক্ষকরা নির্ধারিত আবেদন ফরমের লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন। একই সঙ্গে ব্যানবেইসের ওয়েবসাইট, শিক্ষক বাতায়ন এবং শিক্ষক বাতায়নের ফেসবুক গ্রুপেও আবেদন সংক্রান্ত লিংক ও প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, শিক্ষক প্রশিক্ষক নির্বাচনের ক্ষেত্রে আবেদন গ্রহণ, আবেদন যাচাই-বাছাই, প্রক্রিয়াকরণ, মনোনয়ন প্রদান কিংবা প্রয়োজনবোধে কোনো আবেদন বাতিল করার সম্পূর্ণ অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। ফলে আবেদনকারীদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতেই চূড়ান্তভাবে প্রশিক্ষক নির্বাচন করা হবে।
আবেদন করতে এই লিংকে ক্লিক করুন-https://ln.run/V00TG
Yes,it can help us.