বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রমের তথ্য চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে হার্ডকপি চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ বিষয়ে বুধবার (২৪ জুন) মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মোহা. আছাদুজ্জামানের স্বাক্ষরিত একটি চিঠি রাজশাহী অঞ্চলের আওতাধীন স্কুল অ্যান্ড কলেজ এবং কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রম বাস্তবায়নের জন্য নির্ধারিত সফটওয়্যারে আগামী ২৫ জুন পর্যন্ত প্রতিষ্ঠান পর্যায় থেকে প্রয়োজনীয় তথ্য সংযোজন ও হালনাগাদ করা যাবে। এরপর শিক্ষা প্রতিষ্ঠান থেকে সফটওয়্যারে দেওয়া তথ্য সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে যাচাই-বাছাই করা হবে। তথ্য যাচাইয়ের শেষ সময় আগামী ৫ জুলাই এবং চূড়ান্ত অনুমোদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জুলাই।
এ প্রেক্ষাপটে তথ্য যাচাই ও চূড়ান্ত অনুমোদন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহী অঞ্চলের আওতাধীন সব স্কুল অ্যান্ড কলেজ এবং কলেজের অধ্যক্ষদের প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ২৮ জুনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক বদলি সফটওয়্যারে প্রদান করা তথ্যের প্রিন্টকৃত রিপোর্ট, সর্বশেষ এমপিও শিট এবং যথাযথভাবে সত্যায়িত টিচার-স্টাফ প্যাটার্ন অগ্রায়ণপত্র (স্মারক নম্বর ও তারিখ উল্লেখসহ) রাজশাহী অঞ্চল পরিচালকের দপ্তরে জমা দিতে হবে। এসব নথি অবশ্যই সশরীরে বাহক মারফত হার্ডকপি আকারে প্রেরণ করার জন্য সংশ্লিষ্ট অধ্যক্ষদের অনুরোধ জানানো হয়েছে।
মাউশির চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলির তথ্য যথাযথভাবে যাচাই এবং চূড়ান্ত অনুমোদনের জন্য হার্ডকপি জমা দেওয়া বাধ্যতামূলক। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সব নথিপত্র জমা দিয়ে বদলি কার্যক্রমের পরবর্তী ধাপ সম্পন্ন করতে রাজশাহী অঞ্চলের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply