বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনার জন্য চালু হওয়া অনলাইন সফটওয়্যারে পদের ধরন (পোস্ট টাইপ) সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। সফটওয়্যারের এই ত্রুটির কারণে অনেক শিক্ষকের বিষয় (Subject) প্রদর্শিত হচ্ছে না। ফলে প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষকদের বদলির জন্য প্রয়োজনীয় তথ্য ইনপুট দিতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকরা উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বদলি সফটওয়্যারে তথ্য ইনপুটের সময় প্রথমে ‘পদ সংক্রান্ত ক্যাটাগরি’ নির্বাচন করতে হয়। এরপর ‘পদের ধরণ’ (Sub Category) অংশে গিয়ে ‘অনুমোদিত শাখা শিক্ষক’ (Approved Branch Teacher) অপশন নির্বাচন করলে শিক্ষকের বিষয় দেখানোর নির্ধারিত ঘরটি সম্পূর্ণ ফাঁকা থাকে। ফলে বিষয় নির্বাচন করা সম্ভব হয় না এবং তথ্য ইনপুটের পরবর্তী ধাপে যাওয়া যায় না। এতে আবেদন প্রক্রিয়াই আটকে যাচ্ছে।
তবে একই স্থানে ‘অতিরিক্ত শিক্ষক-কর্মচারী’ (Additional Teacher/Employee) অপশন নির্বাচন করলে শিক্ষকদের বিষয় স্বাভাবিকভাবে প্রদর্শিত হচ্ছে বলে জানিয়েছেন একাধিক প্রতিষ্ঠান প্রধান। কিন্তু প্রকৃতপক্ষে যেসব শিক্ষক অনুমোদিত শাখায় কর্মরত, তাদের ক্ষেত্রে অতিরিক্ত শিক্ষক-কর্মচারী অপশন নির্বাচন করা সঠিক নয়। ফলে কীভাবে তথ্য ইনপুট দেওয়া হবে, তা নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে সফটওয়্যারে দেখা দেওয়া এই সমস্যার বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, বদলি সফটওয়্যারটি টানা ১১ দিন বন্ধ থাকার পর সম্প্রতি পুনরায় চালু করা হয়েছে। এ সময় সফটওয়্যারের বিভিন্ন ফিচার হালনাগাদের কাজ চলমান ছিল। এখনও বেশ কিছু বিষয় আপডেটের কাজ বাকি রয়েছে। সে কারণে বিভিন্ন ধরনের কারিগরি সমস্যা দেখা দিচ্ছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব ত্রুটি দ্রুত শনাক্ত করে পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করছেন বলে জানিয়েছে অধিদপ্তর।
এ বিষয়ে মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান বলেন, “এ ধরনের সমস্যার বিষয়টি আমার জানা নেই। তবে শিক্ষকরা কে কোন বিষয়ে চাকরি করেন সেটি যদি সফটওয়্যারে প্রদর্শিত না হয়, তাহলে তথ্য সাবমিট করতে অবশ্যই জটিলতা তৈরি হবে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।”
Leave a Reply