দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে বিশেষ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় দেশের সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ এবং দাখিল স্তর রয়েছে এমন মাদ্রাসাগুলোকে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সম্প্রতি একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় দেশের সব সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় বাস্তবায়নাধীন ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের আওতায় এ অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের লক্ষ্যে পরিচালিত এ প্রকল্পটি ২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হয়েছে। প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত।
বরাদ্দ তালিকা দেখুন এখানে
মাউশির জারি করা নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, লেইস প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি) জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার জন্য বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। সেই ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে অন্তত একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ ও পরিচর্যার ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যানার ও ফেস্টুন প্রকাশ, আলোচনা সভা, সেমিনার, মতবিনিময় সভা এবং অন্যান্য সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ২৮ জুন ২০২৬ তারিখে সারা দেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি দিয়েছেন। জাতীয় পর্যায়ের এ কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে ৫ হাজার টাকা করে অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ আরপিএ-জিওবি অংশ থেকে প্রদান করা হবে। বরাদ্দকৃত অর্থের প্রশাসনিক দায়িত্ব সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ওপর ন্যস্ত থাকবে।
মাউশির নির্দেশনা অনুযায়ী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আগামী ১৭ জুনের মধ্যে নিজ নিজ উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে জলবায়ু অনুদান বাবদ বরাদ্দকৃত অর্থ উত্তোলন করবেন। অন্যদিকে, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসের মাধ্যমে বরাদ্দকৃত অর্থ উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এছাড়া উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের আগামী ২১ জুনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে ৫ হাজার টাকা করে অনুদানের অর্থ স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ স্থানান্তরের সময় নির্ধারিত ছকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর গ্রহণ করতে হবে। একইসঙ্গে ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের বিস্তারিত বিবরণী প্রস্তুত করে এক কপি সংশ্লিষ্ট কার্যালয়ে সংরক্ষণ এবং আরেক কপি লেইস প্রকল্প কার্যালয়ে আগামী ২২ জুনের মধ্যে পাঠাতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে অংশগ্রহণমূলক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply