বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম বাস্তবায়নে নতুন করে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। জারি করা নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষক বদলির জন্য প্রয়োজনীয় তথ্য আগামী ১০ জুনের মধ্যে সফটওয়্যারে ইনপুট দিয়ে সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে হবে। এ কার্যক্রমে প্রতিষ্ঠানপ্রধানদের সক্রিয়ভাবে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) মাউশির মাধ্যমিক বিভাগের পরিচালক প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ ইতোমধ্যে জারি করা হয়েছে। ওই নীতিমালার আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় একটি অনলাইন বদলি সফটওয়্যার প্রস্তুত করেছে। এই সফটওয়্যারের মাধ্যমে শিক্ষকদের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন করা হবে।
নোটিশে আরও বলা হয়, বদলি কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানপ্রধানদের নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে। এজন্য প্রতিষ্ঠানপ্রধানদের দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষক-কর্মচারীদের যাবতীয় তথ্য সফটওয়্যারে ইনপুট করার। একই সঙ্গে প্রদত্ত তথ্যের স্বপক্ষে প্রয়োজনীয় ডকুমেন্টও সফটওয়্যারে আপলোড করতে হবে।
স্কুল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এসব তথ্য উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে। আর কলেজ পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর তথ্য আঞ্চলিক উপপরিচালক (কলেজ)-এর নিকট প্রেরণ করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা প্রতিষ্ঠানপ্রধানদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে তা জেলা শিক্ষা কর্মকর্তার নিকট পাঠাবেন। অন্যদিকে, আঞ্চলিক উপপরিচালকরা (কলেজ) যাচাইকৃত তথ্য আঞ্চলিক পরিচালকের কাছে প্রেরণ করবেন। পরবর্তীতে জেলা শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক পরিচালকরা সব তথ্য পুনরায় যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেবেন।

বদলি সফটওয়্যারে প্রবেশের জন্য নির্দিষ্ট একটি লিংকও নোটিশে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যবহারকারীরা তাদের মোবাইলে পাঠানো User ID এবং Password ব্যবহার করে সফটওয়্যারে লগইন করে নিজ নিজ কার্যক্রম সম্পন্ন করবেন বলে জানানো হয়।
এছাড়া নোটিশে সতর্ক করে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের কোনো ভুল তথ্য ইনপুট, যাচাই বা চূড়ান্ত অনুমোদন করা হলে সংশ্লিষ্ট সবাই দায়ী থাকবেন। এমন অনিয়মের ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বদলি সফটওয়্যার ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে প্রতিষ্ঠানপ্রধানদের অবহিত করতে জেলা ও আঞ্চলিক পর্যায়ে সভা আয়োজনের নির্দেশনাও দেওয়া হয়েছে। স্কুলের ক্ষেত্রে জেলা শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিয়ে এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালকরা আগামী ২৪ মে ২০২৬ তারিখের মধ্যে জুম প্ল্যাটফর্ম অথবা সরাসরি সভার মাধ্যমে সফটওয়্যার ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেবেন।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, সফটওয়্যার সংক্রান্ত যেকোনো কারিগরি সহায়তার জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেডের হেল্পলাইন নম্বর ০১৫০০১২১১২১-৯-এ যোগাযোগ করা যাবে।
Leave a Reply