নবম পে-স্কেল বাস্তবায়নের দিকে এগোচ্ছে সরকার। এ লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন এই পে-স্কেল কার্যকর হলে বর্তমানের মতোই গ্রেড সংখ্যা ২০টি বহাল থাকবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমান দ্রব্যমূল্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে গঠিত পে-কমিশন ইতোমধ্যে তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ এড়াতে নবম পে-স্কেল কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নবম পে-স্কেলে গ্রেড সংখ্যা ২০টিই রাখার সুপারিশ করেছে পে-কমিশন। সেই সুপারিশে বড় ধরনের পরিবর্তন আনার সম্ভাবনা নেই। বর্তমানে যে গ্রেড কাঠামো চালু রয়েছে, সেটি অপরিবর্তিত রেখেই নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হতে পারে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ ১১ বছর অতিবাহিত হলেও নতুন কোনো পে-স্কেল বাস্তবায়ন হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নবম পে-স্কেলের সুপারিশ তৈরির জন্য নতুন পে-কমিশন গঠন করে। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই কমিশন তাদের পূর্ণাঙ্গ সুপারিশ সরকারের কাছে জমা দেয়।
২০২৬ সালের প্রস্তাবিত জাতীয় বেতন স্কেলে সম্ভাব্য গ্রেডভিত্তিক বেতন কাঠামো নিম্নরূপ হতে পারে—
| গ্রেড | প্রস্তাবিত বেতন স্কেল |
|---|---|
| ০১ | ১,৬০,০০০ টাকা (নির্ধারিত) |
| ০২ | ১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা |
| ০৩ | ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা |
| ০৪ | ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা |
| ০৫ | ৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা |
| ০৬ | ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা |
| ০৭ | ৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা |
| ০৮ | ৪৭,২০০ – ১,১৩,৭০০ টাকা |
| ০৯ | ৪৫,১০০ – ১,০৮,৮০০ টাকা |
| ১০ | ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা |
| ১১ | ২৫,০০০ – ৬০,৫০০ টাকা |
| ১২ | ২৪,৩০০ – ৫৮,৭০০ টাকা |
| ১৩ | ২৪,০০০ – ৫৮,০০০ টাকা |
| ১৪ | ২৩,৫০০ – ৫৬,৮০০ টাকা |
| ১৫ | ২২,৮০০ – ৫৫,২০০ টাকা |
| ১৬ | ২১,৯০০ – ৫২,৯০০ টাকা |
| ১৭ | ২১,৪০০ – ৫১,৯০০ টাকা |
| ১৮ | ২১,০০০ – ৫০,৯০০ টাকা |
| ১৯ | ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা |
| ২০ | ২০,০০০ – ৪৮,৪০০ টাকা |
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত হবে এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে তাদের বেতন কাঠামো আরও সামঞ্জস্যপূর্ণ হবে।
Leave a Reply