বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। এমপিওভুক্ত কলেজ ও স্কুলের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করতে হলে এখন থেকে কমপক্ষে ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে—এমন শর্ত যুক্ত করে আজই পরিপত্র জারি করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রতিষ্ঠান প্রধান নিয়োগে অভিজ্ঞতার এই শর্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে অগ্রগতি জানতে চান শিক্ষামন্ত্রী। তিনি প্রশ্ন করেন, গতকালই নির্দেশ দেওয়ার পরও কেনো ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বাস্তবায়নের কাজ শুরু হয়নি। তবে এ প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
এ সময় মন্ত্রী অসন্তোষ প্রকাশ করে বলেন, এনটিআরসিএ’র প্রতিষ্ঠান প্রধান নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত সংক্রান্ত নথি কেনো উত্তোলন করা হয়নি। প্রয়োজন হলে তিনি আবার চিঠি দেবেন কি না—সেটিও প্রশ্ন তোলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, তিনি একটি নির্দেশ দেন, কিন্তু দপ্তরের ভেতরে আলোচনা হয় ভিন্নভাবে। তার নির্দেশ অনুযায়ী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই তা বাস্তবায়ন করতে হবে বলে তিনি স্পষ্ট করে দেন। এ সময় এনটিআরসিএ চেয়ারম্যান কিছু বলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
এর আগে গত ৩ মার্চ শিক্ষামন্ত্রী এনটিআরসিএ কর্মকর্তাদের নিজ দপ্তরে ডেকে নির্দেশ দিয়েছিলেন, কমপক্ষে ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা ছাড়া কেউ যেন এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং হাইস্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করতে না পারেন। নতুন এই অভিজ্ঞতার শর্ত মাদরাসার প্রধান পদগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
একইসঙ্গে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে সহকারী অধ্যাপক ও সিনিয়র শিক্ষক পদ থেকে অপশন দেওয়ার সুযোগ বাতিল করার নির্দেশও দিয়েছেন শিক্ষামন্ত্রী। এই নির্দেশনার আলোকে খুব শিগগিরই নতুন পরিপত্র জারি করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Leave a Reply