দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম থেকে উন্নীত করে ১০ম গ্রেডে উন্নীত করার প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদ্যমান জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমান গ্রেড-১১ (স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা) থেকে গেজেটেড কর্মকর্তার মর্যাদাসহ ১০ম গ্রেডে (স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা) উন্নীত করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে এবং প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই এটি কার্যকর হবে।
এর আগে গত ১০ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা থেকে পাঠানো এক চিঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।
বর্তমানে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে এক কোটির বেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। শিক্ষক সংখ্যা পৌনে চার লাখের বেশি। এর মধ্যে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ৩ লাখ ৬৯ হাজার ২১৬টি, আর বর্তমানে কর্মরত আছেন ৩ লাখ ৫২ হাজার ২০৮ জন শিক্ষক।
Leave a Reply