সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল নিয়ে ডাকা জাতীয় বেতন কমিশনের (পে-কমিশন) রুদ্ধদ্বার বৈঠক এখনো শেষ হয়নি। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় শুরু হওয়া এ সভা সন্ধ্যা ৭টার পরও চলমান ছিল। কমিশন সূত্র জানিয়েছে, বৈঠক শেষ হতে আরও কিছুটা সময় লাগতে পারে।
সন্ধ্যা ৭টা ৫ মিনিটে পে-কমিশনের এক সদস্য বলেন, ‘সভা এখনো শেষ হয়নি। বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আরও কিছু সময় লাগবে।’ তিনি জানান, সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হচ্ছে।
কমিশন সূত্রে জানা গেছে, অনলাইনে পাওয়া মতামত এবং বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে জমা দেওয়া প্রস্তাব বিশ্লেষণের পরই কমিশনের সদস্যরা এই বৈঠকে বসেছেন। এ বৈঠকে নবম পে-স্কেল সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনা চলছে। তবে পে-স্কেলের সঙ্গে বহু বিষয় জড়িত থাকায় এক বৈঠকেই সব সুপারিশ চূড়ান্ত করা কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে নবম পে-স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে পাওয়া মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করছে পে-কমিশন। তবে এখনো পুরো প্রতিবেদন লেখার কাজ সম্পন্ন হয়নি বলে জানিয়েছে কমিশন। সোমবার কমিশনের একটি সূত্র জানায়, কর্মচারীদের সাম্প্রতিক মহাসমাবেশ কিংবা বুধবার থেকে ঘোষিত কঠোর কর্মসূচি—এগুলোর কোনোটিতেই কমিশন বিচলিত নয়।
সূত্র আরও জানায়, কমিশন বাস্তবসম্মত ও টেকসই একটি সুপারিশ তৈরির দিকেই মনোযোগ দিচ্ছে। এজন্য প্রতিটি সংস্থা, দপ্তর ও সংগঠন থেকে পাওয়া প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে তা লিপিবদ্ধ করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগবে। কমিশনের এক কর্মকর্তা বলেন, ‘কর্মচারীরা আন্দোলন করতে পারেন। আন্দোলন ঠেকানো বা আশ্বাস দেওয়া কমিশনের দায়িত্ব নয়। কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই তাদের সুপারিশ প্রণয়নের কাজ করছে।’
নবম পে-স্কেলের প্রতিবেদন জমা দিতে কতদিন সময় লাগতে পারে—এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘কমিশনের রিপোর্ট প্রস্তুত হয়ে গেলে আপনারা (সাংবাদিকরা) কোনো না কোনোভাবে সবুজ সংকেত পেয়ে যাবেন। তখন কমিশনের চেয়ারম্যান বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।’
Leave a Reply