রাজধানীতে সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কে মারাত্মক ক্ষতির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অস্ত্রোপচার দলের সদস্য ডা. আব্দুল আহাদ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের জানান, হাদির মস্তিষ্কের ক্ষত অত্যন্ত গভীর এবং অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। লাইফ সাপোর্টের মাধ্যমে তার শরীরের অন্যান্য অঙ্গের কার্যক্রম চালু রাখা হয়েছে। সাময়িকভাবে অকার্যকর হয়ে পড়া দুই কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে।
ডা. আহাদ বলেন, খুব কাছ থেকে ও অত্যন্ত দক্ষ হাতে তাকে গুলি করা হয়েছে। গুরুত্বপূর্ণ রক্তনালীর পাশ দিয়ে গুলি ভেদ করে গেছে। অস্ত্রোপচারের সময় অধিকাংশ ক্ষত পরিষ্কার করা সম্ভব হলেও এখনো মস্তিষ্কে স্প্লিন্টারের কিছু অংশ রয়ে গেছে। অক্সিজেনের স্বল্পতার কারণে মস্তিষ্কের একটি অংশে রক্ত জমাট বেঁধেছে। তবে তার ফুসফুসে কোনো বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি।
চিকিৎসক আরও জানান, রোববার সকালে পুনরায় সিটি স্ক্যান করা হলে মস্তিষ্কে মারাত্মক ক্ষতির বিষয়টি নিশ্চিত হয়। গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করেছে বলেও জানান তিনি।
বর্তমানে হাদি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সম্ভাবনা বিবেচনা করছে। এ বিষয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরই মধ্যে তার চিকিৎসা সংক্রান্ত কেস সামারি বিদেশে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে জরুরি অস্ত্রোপচার শেষে সন্ধ্যার পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রোববার (১৪ ডিসেম্বর) সকালে গ্রেফতার করেছে র্যাব-২। র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply