অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে দুই উপদেষ্টা—মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া—পদত্যাগ করছেন বলে নিশ্চিত করেছে সরকারের সংশ্লিষ্ট সূত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তাঁরা দায়িত্ব ছেড়ে দেবেন। বর্তমানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। অন্যদিকে মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁদের পদত্যাগের ফলে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় উপদেষ্টা শূন্য হয়ে যাবে।
সরকারের ভেতরে আলোচনা চলছে—এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে কি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে, নাকি বর্তমান উপদেষ্টাদের মধ্যেই পুনর্বণ্টন করা হবে। শীর্ষ পর্যায়ের সূত্র জানায়, উপদেষ্টা আদিলুর রহমান খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। বর্তমানে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এছাড়া পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার প্রস্তাব আলোচনায় রয়েছে।
সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার বিষয়ে প্রথমে অনাগ্রহ প্রকাশ করেছিলেন আদিলুর রহমান। মন্ত্রণালয়টির অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্টের কারণে তিনি আশঙ্কা করেছিলেন, এসব দায়ভার তাঁর ওপর বর্তাতে পারে। তবে সরকারের সিদ্ধান্ত—শেষ সময়ে নতুন কাউকে দায়িত্ব না দিয়ে পুরোনোদের মধ্য থেকেই দায়িত্ব পুনর্বণ্টন করা হবে। সেই চিন্তা থেকেই শেষ পর্যন্ত আদিলুর রহমানকে দায়িত্ব গ্রহণে রাজি করানো হয়।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরবর্তী সময়ে দায়িত্ব পুনর্বণ্টনের ফলে আসিফ মাহমুদ যুব ও ক্রীড়ার পাশাপাশি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও পান। অন্যদিকে সরকার গঠনের কিছুদিনের মধ্যেই মাহফুজ আলম উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান।
পরবর্তীতে পুনরায় দায়িত্ব পুনর্বণ্টনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান। তখন থেকেই তিনি সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়—স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া—একসঙ্গে দেখভাল করে আসছেন। এদিকে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠিত হয়। দল গঠনের সময় নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হন। তাঁর পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম।
Leave a Reply