বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী বৃহস্পতিবার, ১১ ডিসেম্বরের মধ্যেই তারা নভেম্বর মাসের বেতন-ভাতা পাবেন বলে আশা করা হচ্ছে।
সোমবার (০১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্র জানায়, নভেম্বর-২০২৫ মাসের বেতন প্রক্রিয়ার প্রয়োজনীয় নথিপত্র শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে বেতন সংক্রান্ত তথ্য অর্থ মন্ত্রণালয়ের আইবাস সিস্টেমেও আপলোড করা হয়েছে। তবে আইবাসের টেকনিক্যাল টিম বর্তমানে দেশের বাইরে থাকায় প্রক্রিয়ায় সামান্য দেরি হওয়ার আশঙ্কা রয়েছে।
ইএমআইএস সেলের এক কর্মকর্তা নাম পরিচয় গোপন রাখার শর্তে বলেন, ‘নভেম্বর মাসের বেতনের প্রয়োজনীয় হিসাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি আইবাসেও পাঠানো হয়েছে। আইবাসের টেকনিক্যাল জনবল বিদেশ সফরে থাকায় তারা ৪ ডিসেম্বর দেশে ফিরে কাজে যুক্ত হবেন। ফলে বেতন-ভাতা ছাড়ের প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে। সব ঠিকঠাক থাকলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৮ বা ৯ ডিসেম্বরের মধ্যে নভেম্বর মাসের বেতন পেয়ে যেতে পারেন।’
সূত্র আরও জানায়, প্রতি মাসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা অনলাইন সিস্টেমের মাধ্যমে বেতন-ভাতা বিল জমা দেন। অনলাইনে বিল দাখিলের পর তা বিভিন্ন ধাপে যাচাই-বাছাই করা হয় এবং আর্থিক অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন মিললে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে প্রেরণ করা হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো—এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও স্বচ্ছভাবে প্রদানের লক্ষ্যে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে। এর ফলে আগের তুলনায় বেতন-ভাতা প্রক্রিয়াকরণ এখন আরও দ্রুত, কার্যকর ও জবাবদিহিমূলক হয়েছে।
Leave a Reply