ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সিইসি বলেন, জনগণকে সুষ্ঠু নির্বাচনী পরিবেশের ধারণা দেওয়ার লক্ষ্যেই এ মক ভোটিং আয়োজন করা হয়েছে। গত ১৫ বছরে সাধারণ ভোটাররা ভোট দিতে যাওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া দেখেননি, সে বিষয়টি আবারও পরিচিত করে তুলতেই এই উদ্যোগ। তিনি জানান, একই সঙ্গে দুই ব্যালটে ভোট দিলে প্রকৃত ভোটের দিনে ভোটারদের কত সময় লাগতে পারে, তাও যাচাই করছে নির্বাচন কমিশন।
গণভোট নিয়ে কথা বলতে গিয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, গণভোটের প্রচারণা এখনো বড় পরিসরে শুরু হয়নি। তবে শিগগিরই সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে ব্যাপক প্রচারণা চালাবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সিইসি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো পুরোপুরি ভালো ছিল না, তবে বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী মাঠে সক্রিয় রয়েছে। চুরি বা ছিনতাইয়ের মতো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলো বড় সংকট নয় বলে মন্তব্য করেন তিনি। সিইসি আশা প্রকাশ করেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো থাকবে।
Leave a Reply