২০২৬ সালের সরকারি ছুটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সরকার। রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন, আর নির্বাহী আদেশে ঘোষিত ছুটি থাকবে আরও ১৪ দিন। অর্থাৎ মোট ছুটি ২৮ দিন নির্ধারিত হয়েছে।
তবে এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যত মূল ছুটি থাকবে ১৯ দিন। এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় উপদেষ্টা পরিষদের অনুমোদন দেওয়া হয়। ওইদিন প্রেস সচিব শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে সাধারণ ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে ২৮ দিনের তালিকা অনুমোদিত হয়েছে।
অন্যদিকে ২০২৬ সালের ঐচ্ছিক ছুটির তালিকায় ধর্মীয় ও সম্প্রদায়ভিত্তিক বিভিন্ন উৎসবের দিনগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য মোট ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৯ দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এছাড়া চলতি বছরের ডিসেম্বর মাসে সরকারি কর্মচারীরা আরও দুটি ছুটি পাবেন। এর মধ্যে ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মহান বিজয় দিবস উপলক্ষে ছুটি থাকবে, এবং ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের (Christmas Day) সরকারি ছুটি পড়েছে। তবে নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি থাকছে না।
নতুন বছরের সরকারি ছুটির তালিকা প্রকাশের মধ্য দিয়ে ২০২৬ সালের ক্যালেন্ডার প্রণয়নের প্রস্তুতিও শেষ পর্যায়ে পৌঁছেছে। সাধারণ মানুষ ও কর্মজীবীরা আগাম ছুটির দিনগুলো জেনে নিজেদের পারিবারিক ও সামাজিক আয়োজনের পরিকল্পনা করতে পারবেন।
ছুটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন
Leave a Reply